শতবর্ষী কোপা আমেরিকায় দুর্দান্ত হ্যাটট্রিকে অভিযান শুরু করেছেন লিওনেল মেসি। সেই ম্যাচে হ্যাটট্রিক ছাড়াও মেসির নতুন লুকও নজর কেড়েছে সবার। মুখ ভর্তি দাড়িতে একদম পাল্টে গেছেন মেসি।
আর ট্রফি জিতেই দাড়ি কাটার কথা জানিয়েছেন মেসি।
রবিবার শিকাগোয় দলের সঙ্গে পুরোদমে প্র্যাকটিস করছিলেন এই ক্ষুদে জাদুকর। মাঠ ছাড়ার সময় আর্জেন্টিনার খুদে ভক্তদের সঙ্গে সেলফিও তুলেন তিনি।
এসময় এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, এবার কি দাড়িটা কেটে ফেলবেন? প্রশ্ন শুনে হেসে ফেলেন লিও। জবাব দেন, 'ওই দাড়ি নিয়েই হ্যাটট্রিক পেয়েছি। এখন যদি সেটা কাটতে যাই, তবে সতীর্থরা আমাকে মেরেই ফেলবে। নতুন এই স্টাইলটা উপভোগ করছি। ভাবছি ট্রফি জিতেই দাড়ি কাটবো।'
দেশের জার্সিতে গ্যাব্রিয়েল বাতিস্তুতার ৫৬ গোলের নজির স্পর্শ করতে গেলে তার দরকার আর মাত্র তিন গোল!
বুধবার নিয়মরক্ষার ম্যাচ বলিভিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচেই কি বাতিস্তুতার ৫৬ গোলের রেকর্ড স্পর্শ করার সম্ভাবনা রয়েছে? মেসি বলেছেন, 'ব্যক্তিগত রেকর্ড নিয়ে আমি ভাবি না। দেশকে ট্রফি দেওয়া আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই স্বপ্ন সার্থক করতে চাই।'