‘ব্রাজিলের বিপক্ষে প্রত্যাশিত জয়ই পেয়েছে পেরু’

কোপা আমেরিকার শতবর্ষী টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের বিপক্ষে পেরুর জয়সূচক বিতর্কিত গোলটি সঠিকভাবে দেখতে পাননি বলে জানিয়েছেন বিজয়ী দলের কোচ রিকার্ডো গারেসা। তবে ম্যাচে তার দলটিই যে জয়ের দাবীদার সেটি বলতে তিনি ভোলেননি। 
 
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পেরুর সঙ্গে ড্র করলেই কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত হতো ব্রাজিলের। রাউল রুইদিয়াজের বিতর্কিত গোলে পেরুর কাছে ১-০ ব্যবধানে হেরে ‘বি’ গ্রুপের তৃতীয় স্থানে নেমে গেছে ব্রাজিল। যে কারণে শীর্ষ দুই দল হিসেবে এই গ্রুপ থেকে শেষ আট নিশ্চিত করেছে পেরু ও ইকুয়েডর।
 
রুইদিয়াজের বিতর্কিত গোলটি আসে ম্যাচের ৭৫তম মিনিটে। টিভি রিপ্লেতে পরিষ্কার দেখা গেছে ডান দিক থেকে এন্ডি পোলোর ক্রসে হাত দিয়ে বল জালে পাঠিয়ে দেন বদলি হিসেবে নামা এই স্ট্রাইকার।  ভিডিও রিপ্লে দেখে সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই কোপা আমেরিকার এই আসরে। অনেক সময় নিয়ে সহকারীর সঙ্গে আলোচনা করেও হ্যান্ডবলের বিষয়ে নিশ্চিত হতে পারেননি উরুগুয়ের রেফারি আন্দ্রেস চুনহা। 
 
রেফারির এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়ে ব্রাজিলের খেলোয়াড়রা । ম্যাচ শেষে পেরুর কোচ জানান, তিনি গোলটি দেখেননি। তাই তিনি এ নিয়ে বিস্তারিত কিছু বলতে পারবেন না।  আমরা প্রত্যাশিত জয় পেয়েছি। গোলটি যেভাবেই হোক কেউ আমাদের কিছু দিয়ে দেয়নি। ব্রাজিলের বিপক্ষে পেরু যেভাবে খেলতে চেয়েছিল, ঠিক সেভাবেই খেলতে পেরেছে বলেও জানান পেরুর ওই আর্জেন্টাইন কোচ। গোল.কম।