ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলার আসামি আব্দুল খায়েন রশিদ আহম্মেদকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ সোমবার এই আদেশ দেন।
এর আগে হাইকোর্ট এই আসামির জামিন মঞ্জুর করেছিলো। ওই জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। কিন্তু এর আগেই আসামি রশিদ জামিনে কারাগার থেকে বেরিয়ে যান। পরে রাষ্ট্রপক্ষের আবেদনটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠায় আপিল বিভাগের চেম্বার জজ আদালত। আজ প্রধান বিচারপতির বেঞ্চে ওই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। আবেদনের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান শুনানি করেন। শুনানি শেষে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করে আসামি রশিদকে দ্রুত নিন্ম আদালতে আত্নসমর্পণের নির্দেশ দেয়।
গত বছরের ২১ মে সিলেটের ব্লগার ও গণজাগরণ মঞ্চের কর্মী অনন্ত বিজয় দাসকে কুপিয়ে হত্যা করা হয়। সিলেটের সুবিদবাজার এলাকায় এই হত্যাকান্ড ঘটে। সুবিদবাজারের রবীন্দ্র কুমার দাশ ও পীযূষ রানী দাশের দুই মেয়ে ও দুই ছেলের মধ্যে অনন্ত ছিলেন সবার ছোট। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্ম বিষয়ে মাস্টার্স করার পর সুনামগঞ্জের জাউয়াবাজারে পূবালী ব্যাংকের ডেভেলপমেন্ট অফিসার হিসাবে যোগ দেন অনন্ত বিজয়।