জেরার্ড পিকের গোলে জয় দিয়ে ইউরো যাত্রা শুরু করল স্পেন। গত দুইবারের ইউরো চ্যাম্পিয়ানদের অবশ্য বেশ ভুগিয়েছে চেক রিপাবলিক। এক সময় মনে হয়েছিল, হয়ত ম্যাচটা ড্র হতে যাচ্ছে। কিন্তু ম্যাচের শেষের দিকে এসে পিকের গোলে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে স্পেন।
তুলুজে সোমবার বিকেলে অনেকগুলো সুযোগ নষ্ট করে স্পেন। ষষ্ঠদশ মিনিটে এগিয়ে যাওয়ার সহজ সুযোগ পেয়েছিল স্পেন। দাভিদ সিলভার বাড়ানো বল ছয় গজ বক্সে পেয়ে যান আলভারো মোরাতা; কিন্তু তার শট ঠেকিয়ে দেন গোলরক্ষক পেতর চেক। ২৮তম মিনিটে এই ইউভেন্তুস স্ট্রাইকারের কোনাকুনি শট পোস্ট ঘেঁষে বাইরে চলে গেলে ফের হতাশ হতে হয় বর্তমান চ্যাম্পিয়নদের।
প্রথমার্ধের বাকি সময়েও প্রতিপক্ষের রক্ষণে একচেটিয়া চাপ ধরে রাখা সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা ৩৯তম মিনিটে আরেকটি ভালো আক্রমণ করে। কিন্তু জর্দি আলবার জোরালো শট চেক গোলরক্ষক দারুণ নৈপুণ্যে ঠেকিয়ে দিলে সমতায় থেকেই বিরতিতে যেতে হয় স্পেনকে।
প্রথমার্ধে স্পেনের গোলরক্ষক দাভিদ দে হেয়াকে তেমন কোনো পরীক্ষায় ফেলতে পারেনি চেক রিপাবলিক। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে মোরাতার নিচু ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল পাঠাতে বসেছিলেন রোমান হুবনিক; তবে পোস্টে বল লাগায় রক্ষা।
গোল পেতে মরিয়া স্পেন আক্রমণের ধার বাড়াতে ৬২তম মিনিটে মোরাতাকে বসিয়ে আরিৎস আদুরিসকে নামান ভিসেন্তে দেল বস্ক। প্রস্তুতি পর্বে দুই ম্যাচে চার গোল করা সেল্তা ভিগোর ফরোয়ার্ড নোলিতোর মতো গোলের দেখা পাননি অ্যাথলেটিকো বিলবাওয়ের এই ফরোয়ার্ডও। ৭০তম মিনিটে ফাঁকায় বল পেয়েও ব্যর্থ জর্দি আলবা। সাত মিনিট পর ওভারহেড কিকে চেষ্টা করেছিলেন আদুরিস, কিন্তু বল লক্ষ্যভ্রষ্ট হয়।
অবশেষে ৮৭তম মিনিটে ক্লাব সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তার ক্রসে উড়ন্ত হেডে দলকে জয়সূচক গোল এনে দেন বার্সেলোনার ডিফেন্ডার পিকে।
দেশের হয়ে পিকের এটি পঞ্চম গোল। জাতীয় দলের হয়ে প্রথম ১২ ম্যাচে চার গোল করার পর পাঁচ নম্বরটি পেতে তাকে খেলতে হলো আরও ৬৬ ম্যাচ। শক্ত গ্রুপ হিসেবে বিবেচিত ‘ডি’ গ্রুপের প্রথম ম্যাচে রোববার তুরস্ককে ১-০ গোলে হারিয়েছিল ক্রোয়েশিয়া। বিডি নিউজ।