আশুলিয়ায় মেডিকেল শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

ঢাকার আশুলিয়ায় বেসরকারি নাইটিঙ্গেল মেডিকেল কলেজে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ রাবার বুলেট ছুড়লে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ১০ শিক্ষার্থী আহত হয়েছে। 
 
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গত ৬ জুন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসরকারি মেডিকেল কলেজ নীতিমালা সংক্রান্ত এক সভায়  রংপুরের নর্দান মেডিকেল কলেজ, গাজীপুরের সিটি মেডিকেল কলেজ ও আশুলিয়ার নাইটিঙ্গেল মেডিকেল কলেজের কার্যক্রম সাময়িক ভাবে বন্ধের নির্দেশ দেয়া হয়। এই নির্দেশ প্রত্যাহারের দাবিতে আজ মঙ্গলবার সকাল থেকে নাইটিঙ্গেল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মিছিল সমাবেশ করে। তারা মেকিকেল কলেজের সামনে আশুলিয়া সড়কে অবস্থান নিলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
 
এ সময় পুলিশ ফাঁকা রাবার বুলেট ছুড়লে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা মেডিকেল কলেজে ব্যাপক ভাঙচুর চালায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত শিক্ষার্থীদের ওই মেডিকেল কলেজে চিকিৎসা দেয়া হচ্ছে।