রাজধানীতে আনসারুল্লা বাংলা টিমের ২ সদস্য গ্রেফতার

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি বাড়িতে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 
গ্রেফতারকৃতরা হলেন- আরিফুল ইসলাম (৩০) ও সৈয়দ মোহাম্দ মুজাহিদুল ইসলাম (৩০)।
 
ডিএমপির মিডিয়া শাখার উপকমিশনার মাসুদুর রহমান জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে কামরাঙ্গীরচরে ব্যাপারী ঘাট এলাকার আল মক্কা জামে মসজিদ গলির একটি বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে দুটি চাপাতি ও বেশকিছু জিহাদি বই উদ্ধার করা হয়। 
 
গ্রেফতারকৃতরা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে তিনি জানান।