রায়পুরে জাল টাকা ও ইয়াবাসহ নারী গ্রেফতার

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় রমজান ঈদের বাজারকে টার্গেট করে প্রতি বছরের মতো এবারও জাল টাকার নোট নিয়ে সর্বত্র একটি চক্র মাঠে নেমে আবার সক্রিয় হয়ে উঠেছে।
 
মঙ্গলবার সকালে উপজেলার বানমনী ইউনিয়নের সাইচা গ্রাম থেকে চক্রের পান্না বেগম (২৭) নামে এক নারীকে এক হাজার টাকার পাঁচটি নতুন জাল নোট ও ৮৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পান্না একই এলাকার কামাল হোসেনের স্ত্রী।
 
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ‘ঈদকে সামনে রেখে জাল টাকা বাজারে ছাড়তে একটি চক্র সক্রিয়। চক্রের খপ্পরে পড়ে প্রতারিত হচ্ছেন সহজ-সরল মানুষ ও ব্যস্ত দোকানদাররা। দীর্ঘদিন ধরে পান্না ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে ঈদের সময় জাল টাকার ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে জাল টাকা ও ইয়াবাসহ পান্নাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানয় পৃথক দুটি মামলা করে আদালতে পাঠানো হয়েছে।’