হোটেল সোনারগাঁওয়ে জামায়াতের ইফতারের অনুমতি বাতিল

হোটেল ওয়েস্টিনের পর হোটেল সোনারগাঁও হোটেল কর্তৃপক্ষও জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলের অনুষ্ঠান বাতিল করেছে।
 
আগামী ২৫ জুন ইফতার মাহফিল আয়োজনের পরিকল্পনা করেছিল জামায়াত। দলটির অভিযোগ, 'অদৃশ্য ইশারায়' তাদের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
 
মঙ্গলবার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা.শফিকুর রহমান অভিযোগ করে বলেছেন,‘অদৃশ্য শক্তির ইশারায়’ হোটেল কর্তৃপক্ষ ইফতার মাহফিলের অনুমতি বাতিল করেছে।
 
দলটির অভিযোগ, সর্বশেষ এই ঘটনার আগে পুলিশের হস্তক্ষেপের কারণে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিল করতে পারেনি তারা।
 
বিবৃতিতে আরো বলা হয়েছে, আমরা যথারীতি হোটেল বুকিং দিয়েছিলাম এবং হোটেল কর্তৃপক্ষও যথারীতি আমাদের হোটেল বুকিং নিশ্চিত করেছিলেন। কিন্তু গত ১২ জুন বিকেলে মৌখিকভাবে এবং গত ১৩ জুন দুপুরে ইমেইলের মাধ্যমে হোটেল বুকিং বাতিল করে তারা।