বাসচালকের ভারী যান চালানোর লাইসেন্স ছিল না

বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার আহমেদ চৌধুরীকে হত্যাকারী সুপ্রভাত পরিবহনের বাসচালকের ভারী যান চালানোর লাইসেন্স ছিল না। তিনি হালকা যান চালানোর লাইসেন্স নিয়েই ভারী যান চালাচ্ছিলেন বলে জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম।

নিরাপদ সড়কের দাবিতে বুধবার বসুন্ধরা আবাসিক এলাকার প্রধান ফটকের সামনের রাস্তায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এসময় বেলা ১১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন মেয়র আতিকুল ইসলাম। সেখানে তিনি বলেন, যে চালক সুপ্রভাত পরিবহনের বাসটি চালাচ্ছিলেন, তার হালকা যান চলানোর লাইসেন্স ছিল। কিন্তু ভারী যান চালানোর লাইসেন্স ছিল না। অথচ তিনি বাসের মতো ভারী যান চালাচ্ছিলেন। এটা কীভাবে সম্ভব! তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরো পড়ুন: এরদোগানের কঠোর সমালোচনায় অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী

মেয়রের সঙ্গে থাকা  ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া  বলেন, সুপ্রভাত পরিবহনের সব বাসের সার্ভিস বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার সকাল ৭টার পর বসুন্ধরা আবাসিক এলাকার গেইটের সামনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীকে বাসচাপা দেয়। এতে প্রাণ হারান তিনি। এরপর শিক্ষার্থীসহ এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল সাড়ে ৯টার দিকে একই স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

অপরদিকে নিরাপদ সড়কের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ পুরান ঢাকার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের রাস্তা অবরোধ করে বিক্ষোভে নেমেছেন।  এছাড়া রাজধানীর ধানমন্ডি, সায়েন্স ল্যাবরেটরি, শাহবাগেও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। 

ইত্তেফাক/জেডএইচ