খুলনায় অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রেখে ব্যবসা করার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইভাবে গুলি রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই দুইজনের প্রত্যেককে ৭ বছর সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত।
খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম সোলায়মান মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হলেন: খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার গাওঘরা গ্রামের জবেদ আলী শেখের ছেলে রকিবুল ইসলাম শেখ (৫০) ও একই উপজেলার আমতলা এলাকার মৃত অম্বরিশ মন্ডলের ছেলে মিলন মন্ডল (৩৫)। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আরিফ মাহমুদ লিটন মামলার উদ্ধৃতি দিয়ে জানান, ২০১১ সালের ৯ ডিসেম্বর র্যাব ও কোস্টগার্ড সদস্যরা যৌথ অভিযান চালিয়ে দাকোপ উপজেলার পানখালী ফেরিঘাট থেকে রকিবুল ইসলাম শেখ, মিলন মণ্ডল ও শহীদুল ইসলাম শেখকে গ্রেফতার করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী দাকোপের জোংড়া খাল এলাকার মাটির নিচে পুতে রাখা অবস্থায় ১১টি পাইপগান, ১টি কাটা রাইফেল, ১টি রিভলবার ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় কোস্টগার্ড সদস্য আবুল কালাম আজাদ দাকোপ থানায় মামলা দায়ের করেন। ২০১২ সালের ১০ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা দাকোপ থানার এসআই পরিমল চন্দ্র দাস আদালতে রকিবুল ও মিলনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখির করেন। মামলায় ১৯জনের মধ্যে ৭জনের সাক্ষী গ্রহণ করেন আদালত।