জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্মরত দুই সাংবাদিককে হুমকি ও সংবাদ বিকৃতির প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকরা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ মানববন্ধন করেন তারা।
গত ৮ জুন রাতে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার শিকার হন বিডিনিউজের টোয়েন্টিফোরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শফিকুল ইসলাম। প্রতিবাদে ৯ জুন জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজের শিক্ষক-শিক্ষার্থীরা একটি মানববন্ধন করেন। কিন্তু একাত্তর টেলিভিশনের সাভার প্রতিনিধি মিঠুন সরকার মানববন্ধনের ঘটনাটিকে ‘গত ৪ জুন নির্বাচনের দিন খ্রিস্টান পল্লীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ’ হিসেবে প্রচার করেন।
বিষয়টি নিয়ে ১১ জুন দৈনিক প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাসেল রাব্বী ও বাংলাদেশ প্রতিদিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শরিফুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি সমালোচনামূলক পোস্ট দেন। এর পরিপ্রেক্ষিতে শরিফুল ইসলাম ও রাসেল রাব্বীর মুঠোফোনে একাত্তর টেলিভিশনের সাভার প্রতিনিধি মিঠুন সরকার পরিচয় দিয়ে ক্যাম্পাস থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেন এবং তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও কুরুচিপূর্ণ তথ্য উপস্থাপন করেন।
মানববন্ধনের সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি বেলাল হোসাইন রাহাত মিথ্যা সংবাদ পরিবেশনের তীব্র নিন্দা জানিয়ে বলেন, সাভারের কথিত সাংবাদিক মিঠুন সরকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মরত দুই সাংবাদিককে হুমকি দিয়ে সন্ত্রাসীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। একই সঙ্গে তিনি ওই সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ এবং শারীরিকভাবে লাঞ্ছিত করাসহ ক্যাম্পাস থেকে তুলে নেওয়ার হুমকি দিয়েছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ সময় তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে একাত্তর টিভির পরিচালনা পর্ষদকে সাংবাদিক মিঠুন সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। সমাবেশে বক্তারা অতি দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিডিনিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শফিকুল ইসলামের উপর হামলাকারী ছাত্রলীগ নেতা-কর্মীদের ক্যাম্পাস থেকে আজীবন বহিষ্কারের দাবি জানান।