ঢাবির সংস্কার ও সৌন্দর্য্যবর্ধনে এসিআইয়ের ৮৭ লাখ টাকার অনুদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন ও কলাভবন সংলগ্ন ঐতিহাসিক স্থাপনাসমূহ সংস্কার ও সৌন্দর্যবর্ধনের জন্য ৮৭ লাখ ৪০ হাজার টাকা অনুদান প্রদান করেছে এসিআই ফাউন্ডেশন লিমিটেড।
 
মঙ্গলবার উপাচার্য দফতর সংলগ্ন লাউঞ্জে এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছে অনুদানের এই চেক হস্তান্তর করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আনিস-উদ-দৌলা।
 
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এই সাহায্যের জন্য এসিআইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান এম আনিস-উদ-দৌলা ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র থাকাকালে ভাষা আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দেশের শিক্ষা ও গবেষণার উন্নয়নেও তিনি অসাধারণ অবদান রেখে চলেছেন। এসিআই ফাউন্ডেশনের এই অনুদান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ ও লালন করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে বলে উপাচার্য আশা প্রকাশ করেন।
 
এ সময় আরো উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, এসিআই ফাউন্ডেশন লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা ও সুস্মিতা আনিসসহ ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদভূক্ত বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগণ।