'আইনজীবীদের জন্য যা যা করণীয় সরকার তা করবে'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনজীবীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সরকারের পদক্ষেপ সম্পর্কে বলেছেন, 'আমরা চেষ্টা করছি যেন আমাদের বিচার বিভাগ এবং আইনজীবীরা প্রত্যেকেই স্ব-স্ব কর্মস্থলে ভালভাবে একটি সুন্দর পরিবেশে কাজ করতে পারেন। তার জন্য যা যা করণীয় আমরা করে যাচ্ছি।'
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে গতি অব্যাহত রাখার জন্য সকলের দোয়া কামনা করে বলেছেন, 'আমি আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন। এই রমজান মাসে যেন আমাদের উন্নয়নের গতিটা অব্যাহত থাকে।'
 
প্রধানমন্ত্রী মঙ্গলবার সুপ্রিম কোর্ট চত্বরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন। এ সময়, প্রধানমন্ত্রী আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, 'এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, ভোট ও ভাতের আন্দোলনসহ সকল গণআন্দোলনেই আমরা দেখেছি, আপনাদের একটা বিশাল ভূমিকা রয়েছে। যার ফলে আজকে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছি। সুসংহত করতে পেরেছি এবং উন্নয়নের গতিধারা সৃষ্টি করতে সক্ষম হয়েছি।'
 
তিনি আশা প্রকাশ করে বলেন, 'আমি বিশ্বাস করি এই গতিধারা অব্যাহত থাকবে যাতে কখনও কেউ আমাদের হেয় চোখে দেখতে না পারে। দেশে আজকে ডিজিটাল পদ্ধতি এসে গেছে। পুরনো আইনগুলোকে আমরা যুগোপযোগী করে পার্লামেন্টে পাস করে যাচ্ছি।' যুগোপযোগী আইন ছাড়া একটি দেশ এগিয়ে যেতে পারে না বলেও তিনি উল্লেখ করেন।
 
সুপ্রিম কোর্ট বারের সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন। ইফতারির পূর্বে দেশ-জাতি এবং সমগ্র মুসলিম উন্মানর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী আইনজীবীদের জন্য তার সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরে বলেন, 'সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবন থেকে শুরু করে সারা বাংলাদেশে বিচার বিভাগকে ঢেলে সাজাতে সব ধরনের উদ্যোগের পাশাপাশি আইনজীবীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির উদ্যোগ নিয়েছি। লক্ষ্য নির্দিষ্ট করে বিভিন্ন প্রকল্প নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।'
 
প্রধানমন্ত্রী বলেন, '১৯৯৬ সালে ২১৬ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিলাম কিন্তু যেহেতু এরপর আমরা পরবর্তীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারিনি। আমাদের অনেক উন্নয়ন পরিকল্পনার মত এটির কাজও বিএনপি-জামায়াত সরকার বন্ধ করে দেয়। আবার আমরা ক্ষমতায় আসার পর থেকে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছি।'
 
সুপ্রিম কোর্ট চত্বরে বহুবার তিনি এসেছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'যখন ১৯৯৬ সালে সরকার গঠন করি তখন এখানে এসেছি। মামলার আসামী হিসেবে তো আসতেই হয়েছে। আর তাছাড়া বিভিন্ন সময় দেখেছি, আমাদের বিভিন্ন আন্দোলন সংগ্রামে সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলিষ্ঠ ভূমিকা রাখেন। তাদের একটি বিরাট ভূমিকা সকল আন্দোলন-সংগ্রামে রয়েছে। এমনকি আমার মনে পড়ে ১৯৮৮ সালে ২১ জানুয়ারি যখন আমার ওপর তুমুল গুলি চলছিল চট্টগ্রামে তখন সেখানকার আইনজীবীরা আমাকে বার ভবনে নিয়ে গিয়ে শেল্টার প্রদান করেছিল।' খবর- বাসস।