নড়াইল পৌর শিবিরের সভাপতি জাহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ৬টি ককটেল ও প্রচুর জিহাদী বই উদ্ধার এবং তার ব্যবহৃত কম্পিউটার জব্দ করেছে নড়াইলের গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (১৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার বরাশুলা এলাকার জাকিরের ভাড়া বাসায় এ অভিযান চালানো হয়। এসময় নড়াইল পৌর শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম (২৫), তার স্ত্রী খাদিজা বেগম কেয়া (২২) ও আবু তাহের (১৯) নামের এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
নড়াইল ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইলের সহকারি পুলিশ সুপার (সার্কেল) মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল পৌরসভার বরাশুলা এলাকার জাকিরের ভাড়াটিয়া বাসায় অভিযান চালায়। এসময় জাহিদুল ইসলাম, তার স্ত্রী খাদিজা বেগম কেয়া ও আবু তাহেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।