সাত দিনের রিমান্ডে বাসচালক

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে চাপা দেয়া সুপ্রভাত পরিবহনের বাসের চালক সিরাজুল ইসলামকে রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুর পৌনে ৩টার পর তাকে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চান গুলশান থানার ওসি (অপারেশন) আমিনুল ইসলাম। শুনানি শেষে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এদিকে নিহত বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার আহমেদ চৌধুরীর পরিবারকে জরুরি খরচ বাবদ ১০ লাখ টাকা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী সাতদিনের মধ্যে সুপ্রভাত পরিবহন কর্তৃপক্ষকে এ টাকা পরিশোধ করতে বলা হয়েছে।

আরো পড়ুন: ড্রাইভার ও সহকারীকে বাড়ি কেনার টাকা দিলেন আলিয়া

ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, যে চালক সুপ্রভাত পরিবহনের বাসটি চালাচ্ছিলেন, তার হালকা যান চলানোর লাইসেন্স ছিল। কিন্তু ভারী যান চালানোর লাইসেন্স ছিল না। অথচ তিনি বাসের মতো ভারী যান চালাচ্ছিলেন। এটা কীভাবে সম্ভব! তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মেয়রের সঙ্গে থাকা ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেন, সুপ্রভাত পরিবহনের সব বাসের সার্ভিস বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার সকাল ৭টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার গেইটের সামনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীকে বাসচাপা দেয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, আবরার জেব্রা ক্রসিংয়ে দিয়ে রাস্তা পার হয়ে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে উঠতে যাচ্ছিলেন। এসময় অন্য একটি বাসের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে সুপ্রভাত পরিবহনের বাসটি আবরারকে ধাক্কা দেয়। এরপর ওই বাসের নিচে চাপা পড়েন তিনি।

ইত্তেফাক/জেডএইচ