উয়েফা ড্র-তে কারচুপি, ব্ল্যাটারের 'ঠান্ডা-গরম বল তত্ত্ব'

 
ইউরোপিয়ান ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা উয়েফার বিভিন্ন প্রতিযোগিতায় গরম এবং ঠান্ডা বল ব্যবহার করে ড্র-তে কারচুপি করা হয় বলে অভিযোগ করেছেন ফিফার বহিষ্কৃত সভাপতি সেপ ব্ল্যাটার।
 
ইউরো কিংবা চ্যাম্পিয়ন্স লিগের মতো আসরগুলোর ড্র অনুষ্ঠানে আলাদা-আলাদা পাত্রে ছোট বল রাখা হয়। যার মধ্যে কাগজে লুকানো থাকে দলগুলোর নাম। ব্ল্যাটারের দাবি অনুযায়ী, ড্র-কে নির্দিষ্ট খাতে প্রবাহিত করার জন্য কিছু বলকে আগে থেকেই ঠান্ডা করে পাত্রে রাখা হয়। যারা বল তোলেন, তাদেরকেও এভাবে নির্দেশনা দেয়া থাকে। ফলে তারা বলের শীতলতা এবং গরম অনুভব করে নির্দেশনা অনুযায়ী কাজ করতে পারেন।  আর্জেন্টাইন পত্রিকা ‘লা ন্যাকিয়োন’-কে দেয়া সাক্ষাত্কারে সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে ছয় বছরের জন্য নিষিদ্ধ ব্ল্যাটার বলেন, ‘আমি ইউরোপিয়ান পর্যায়ে ড্র অনুষ্ঠানে কারচুপি দেখেছি। অবশ্যই এটা করা সম্ভব। আপনি ড্র’র আগে বলগুলো রেফ্রিজারেটরে রাখবেন। ফলে আপনি ঠান্ডা বলগুলোকে গরম বলগুলো থেকে পৃথক করতে পারবেন। নির্দেশনা অনুযায়ী কাজ করে আপনি কোন বলে কোন দল আছে সেটা বুঝতে পারবেন।’
 
ড্র অনুষ্ঠানে কারচুপির অভিযোগটা উঠেছিলো আসলে ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের ড্র নিয়ে। ইরান, বসনিয়া এবং নাইজেরিয়ার সঙ্গে একই গ্রুপে পড়েছিল আর্জেন্টিনা। অভিযোগ উঠেছিলো ড্র-তে কারচুপি করে লিওনেল মেসিদের সহজ গ্রুপ পাইয়ে দেয়া হয়েছে। তবে ব্ল্যাটারের দাবি, ফিফায় তিনি থাকাকালে এই ধরনের কিছু হয়নি। স্কাই স্পোর্টস।