সুপ্রিমকোর্টের আপিল বিভাগ বলেছে, ২০ ওষুধ কোম্পানিকে কারণ দর্শানোর আগেই তাদের ওষুধ উৎপাদন বন্ধ করা উচিত ছিল। বুধবার ইউনিভার্সেল ফার্মাসিউটিক্যাল লিমিটেডের পক্ষের আইনজীবী এজে মোহাম্মদ আলীর শুনানির এক পর্যায়ে প্রধান বিচারপতি এসকে সিনহার আপিল বিভাগ এ মন্তব্য করে।
শুনানিতে এজে মোহাম্মদ আলী বলেন, হাইকোর্ট ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছে কোম্পানিগুলোকে। হাইকোর্টের আদেশ দেয়ার আগেই সরকার এসব কোম্পানির বাতিল প্রশ্নে কারণ দর্শাতে বলেছে।
এ পর্যায়ে আদালত বলে, লাইসেন্স বাতিল ও উৎপাদন বন্ধে তফাত কী?
আইনজীবী মোহাম্মদ আলী বলেন, ইউনিভার্সেল ফার্মাসিউটিক্যাল শুধু ওর স্যালাইন উৎপাদন করে।
এ পর্যায়ে আদালত আইনজীবীর উদ্দেশ্যে বলেন, ওষুধ মানুষের জীবন রক্ষা করে। আর মান সম্পন্ন ওর স্যালাইন উৎপাদন না হলে নাগরিকের প্রাণহানি ঘটবে।
আদালত বলে, কোম্পানি তো অনেক। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শুধু কি আপনারাই এসেছেন?
এ পর্যায়ে মোহাম্মদ আলী বলেন, আরো অনেক কোম্পানি আপিল বিভাগে এসেছে।
আদালত বলে, আপনারা হাইকোর্টে যেয়ে রুল শুনানি করুন।
এরপর আদালত ১৮ আগস্টের মধ্যে মামলার পক্ষগণকে রুল শুনানির উদ্যোগ নিতে নির্দেশ দেয়।