ফুলবাড়িতে রিকশা চালকের লাশ উদ্ধার

দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় অটোচার্জারে চালিত এক রিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত রফিকুল ইসলাম (৩২) উপজেলার শিবনগর ইউনিয়নের গঙ্গপ্রসাদ গ্রামের মোর্শেদ আলীর ছেলে।
 
বুধবার স্থানীয়দের খবরে উপজেলার আলাদিপুর ইউনিয়নের ভাসাপাড়া গ্রামের রাস্তার পূর্ব পার্শ্বের ডোবা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
 
নিহত রফিকুল ইসলামের স্ত্রী হাজেরা খাতুন বলেন, ‘মঙ্গলবার দুপুরের পর বাড়ি থেকে অটোরিকশাটি নিয়ে বের হওয়ার পর রাতে আর বাড়ি ফেরেননি রফিকুল। যোগাযোগের চেষ্টা করলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তাকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে গেছে হত্যাকারীরা।’
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদ আলী বলেন, ‘রফিকুল ইসলামকে পরিকল্পিতভাবে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্টে এমন আলামত পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে।’
 
ওসি জানান, ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।