যুদ্ধাপরাধীদের নামে প্লট থাকলে ব্যবস্থা: সংসদে পূর্তমন্ত্রী

 
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সংসদকে জানিয়েছেন, যুদ্ধাপরাধীদের নামে সরকারি কোনো প্লট বরাদ্দ হয়েছে কি-না, তা তদন্ত করা হবে।
 
বুধবার সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে সরকারি দলের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
 
পূর্তমন্ত্রী জানান, বিএনপি সরকারের সময় ১৯৯১ ও ২০০১ সালে যুদ্ধাপরাধীদের নামে রাজউকের কোনো প্লট বরাদ্দ করা হয়েছে কি-না মন্ত্রণালয় সেটি তদন্ত করে দেখবে। নিয়মবহির্ভূতভাবে জামায়াতের বিভিন্ন নেতা, সাজা পাওয়া ও অভিযোগে আটক চিহ্নিত যুদ্ধাপরাধীদের নামে রাজউক প্লট বরাদ্দ দিয়ে থাকলে এবং সেরকম কাউকে পেলে ব্যবস্থা নেয়া হবে।
 

সরকারি দলের আরেক সদস্য গাজী ম ম আমজাদ হোসেনের প্রশ্নের জবাবে গণপূর্তমন্ত্রী সংসদকে জানান, দশম জাতীয় সংসদের যেসব সংসদ সদস্যের ঢাকা শহরে প্লট বা ফ্ল্যাট নেই, তাদের জন্য কেরানীগঞ্জ মডেল টাউন আবাসিক প্রকল্পে প্লট বা ফ্ল্যাট সংরক্ষিত থাকবে। এছাড়া রাজউক কিংবা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মাধ্যমে ভবিষ্যতে প্রকল্প গ্রহণ করা হলে সেখানেও সংসদ সদস্যসহ সব পেশার মানুষের জন্য প্লট ও ফ্ল্যাট বরাদ্দের সুযোগ থাকবে।