প্রথমবারের মতো আগামী ৩১ মার্চ থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স ব্যবসা সম্প্রসারণের ধারাবাহিকতায় দক্ষিণ এশিয়ার অন্যতম গন্তব্য ভারতের চেন্নাইতে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। এটি বাংলাদেশের আকাশ পরিবহনের ইতিহাসে প্রথম। প্রাথমিকভাবে সপ্তাহে তিন দিন ঢাকা থেকে চেন্নাই রুটে ফ্লাইট পরিচালিত হবে।
আজ বুধবার দুপুর পৌন ১২টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলনে একথা জানান ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ।
বাংলাদেশের বিমান পরিবহন সেক্টরে ইউএস-বাংলা অন্যতম সেরা বেসরকারি এয়ারলাইন্স। প্রতিষ্ঠার মাত্র দু’বছরের মধ্যে ঢাকা-কাঠমুণ্ডু রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে যাত্রা শুরু করে ইউএস-বাংলা। বর্তমানে দেশের অভ্যন্তরে সব বিমানবন্দর ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকা থেকে সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, গুয়াংজু, মাস্কাট, দোহা ও কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া ইউএস-বাংলা চট্টগ্রাম থেকে মাস্কাট, দোহা ও কলকাতা রুটেও ফ্লাইট পরিচালনা করছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী ৩১ মার্চ থেকে ঢাকা-চট্টগ্রাম-চেন্নাই রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্স ফ্লাইট শুরু করতে যাচ্ছে।
আরও পড়ুন: নিউজিল্যান্ডে জুমার নামাজ সরাসরি সম্প্রচারের নির্দেশ
ঢাকা-চেন্নাই রুটে ওয়ান ওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ১৫,০৪৩ টাকা এবং রিটার্ন ভাড়া ২২,২২৩ টাকা নির্ধারন করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম-চেন্নাই রুটে ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ১৬,০৪৫ টাকা এবং রিটার্ন ভাড়া ২২,২২৫ টাকা নির্ধারন করা হয়েছে। ভাড়ায় সকল ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভূক্ত। প্রাথমিকভাবে রবি, মঙ্গল, বৃহস্পতিবার ঢাকা থেকে সকাল ৯টা ১০মিনিটে এবং চট্টগ্রাম থেকে সকাল ১০টা ৪৫মিনিটে চেন্নাই এর উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং চেন্নাইএর স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫মিনিটে পৌঁছাবে। এছাড়া চেন্নাই থেকে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার স্থানীয়সময় দুপুর ১টা ৩০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং বিকাল ৪টা ৩০মিনিটে চট্টগ্রাম ও সন্ধ্যা ৬টায় ঢাকায় পৌঁছাবে।
ইত্তেফাক/কেকে