জাতির পিতা ফাউন্ডেশনের বঙ্গবন্ধুর জন্মদিন পালন

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম  জন্মদিন ও শিশুদিবস পালন করলো 'জাতির পিতা ফাউন্ডেশন'। সংগঠনটির আয়োজনে সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে ফাউন্ডেশনের কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন, জাতির পিতা ফাউন্ডেশনের সভাপতি আমেরিকা প্রবাসী বিশিষ্ট সফটওয়্যার প্রকৌশলী  মো. মানিকুজ্জামান। পরে  সংগঠনের পক্ষ থেকে পথ-শিশুদের ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।  

এ সময় ফাউন্ডেশনের সভাপতি  মো. মানিকুজ্জামান বলেন, 'বাঙ্গালীর ইতিহাসের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সকল প্রেরণার উৎস। তার জীবন আমাদের চলার পথের এক বড় শিক্ষা, এত সুন্দর জীবন-চিন্তার এক বিশ্বনেতার আজ জন্মদিন'।

এরপর  বিকেলে রাজধানীর মিরপুরে অবস্থিত 'পিতৃ-মাতৃহীন প্রতিবন্ধী শিশু নিবাস' এর প্রতিবন্ধী শিশুদের নিয়ে জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কেটে প্রতিবন্ধীদের মুখে তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।  এছাড়াও প্রতিবন্ধী শিশুদের মাঝে নতুন পোশাক ও উন্নত মানের পুষ্টিকর খাবার বিতরণ করেন।

এরপর এক আলোচনা সভায় জাতির পিতা ফাউন্ডেশনের সভাপতি মো. মানিকুজ্জামান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও বাংলাদেশের স্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে বলেন, 'জাতির পিতার আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নের জন্য সমাজের বিত্তবান সকলকে অসহায় মানুষের পাশে দাড়াতে হবে'। 

আরও পড়ুন: গোপীনাথপুরে ১৩ দিন ব্যাপী দোল পূর্ণিমা উৎসব

তিনি আরও বলেন,  'যে মহান নেতার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হত না,  ইতিহাসের সে মহান কিংবদন্তি ও অবিসংবাদিত নেতার জন্মদিনে আমাদের সকলকে দীপ্ত শপথ নিতে হবে জাতির পিতার সোনার বাংলা গড়ে তোলার জন্য।  কেননা দেশের কল্যাণ শুধু সরকারের  একার দায়িত্ব না বরং আমাদের সকলের'।  

উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক শেখ হামিম হাসান সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকতা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/জেডএইচডি