সোনালী ব্যাংকের ৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন

 
৬ কোটি ১৭ লাখ টাকা আত্মসাতের মামলায় সোনালী ব্যাংকের সাবেক উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এবং সহকারী মহাব্যবস্থাপকসহ (এজিএম) পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার কমিশনের বৈঠকে চার্জশিট দাখিলের অনুমতি দেয়া হয়। খুব শিগগিরই চার্জশিট বিচারিক আদালতে দাখিল করা হবে।
 
চার্জশিটে যাদের নাম রয়েছে তারা হলেন, ব্যাংকের বৈদেশিক বাণিজ্য করপোরেট শাখার (মতিঝিল) সাবেক ডিজিএম বাকী বিল্লাহ, একই শাখার এজিএম মো. আবদুল হাই, রাহান গার্মেন্টস (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সরওয়ার এম কামাল, একই প্রতিষ্ঠানের পরিচালক সাইদুর ইসলাম খান এবং আবু সাইদ শাহরিয়ার আহমেদ।
 

দুদক সূত্র জানায়, ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর এই পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন দুদকের তত্কালীন উপপরিচালক (বর্তমানে পরিচালক) মীর মো. জয়নুল আবেদীন শিবলী। মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে সোনালী ব্যাংকের বৈদেশিক বাণিজ্য করপোরেট শাখা থেকে মূল রপ্তানি ঋণপত্রের (এলসি) মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও এবং শিপমেন্টের তারিখ নেই জেনেও দুটি রপ্তানি বিল কিনে ৬৬ লাখ ১৬ হাজার ৫২৮ টাকা আজ পর্যন্ত পরিশোধ না করে আত্মসাত্ করেছেন; যা সুদসহ ৬ কোটি ১৭ লাখ ৪১ টাকায় দাঁড়িয়েছে।