প্রধানমন্ত্রীর সম্মানে সশস্ত্র বাহিনীর ইফতার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে সশস্ত্র বাহিনীর সম্মিলিত ইফতার মাহফিল গতকাল বুধবার ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে প্রধানমন্ত্রী সেনামালঞ্চে এসে উপস্থিত হলে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নিজামউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিসি, পিএসসি, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার, বিবিপি, এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাহফুজুর রহমান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
 
প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যগণ এবং উপস্থিত অতিথিবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইফতারে শরিক হন। প্রধানমন্ত্রী দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উন্নয়নের অগ্রযাত্রা কামনা করে ইফতারের পূর্বে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যগণ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।
 

এই ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিন্হাসহ মন্ত্রিপরিষদের সদস্যগণ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, সংসদ সদস্যগণসহ ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। -আইএসপিআর