মেহেরপুর গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। দশ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলেছে গাংনীবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত স্বাস্থ্য কমপ্লেক্স ভবন। সে ভবন যেন কারো মৃত্যুর কারণ না হয়ে ওঠে এমন প্রত্যাশা উপজেলাবাসীর। কুষ্টিয়া মিরপুরের জাকাউল্লাহ এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজ বাস্তবায়ন করছে কচ্ছপ গতিতে। এছাড়া ঠিকাদার প্রতিষ্ঠান ও স্বাস্থ্য প্রকৌশলীর যোগসাজসে এ কাজে ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হচ্ছে বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী। একটি পাঁচতলা, একটি তিনতলা, দুটি দ্বিতীয় তলা ভবনসহ চিলেকোঠায় পানির ট্যাঙ্ক নির্মাণ করা হবে। এ সকল কাজে নিম্নমানের ইট, কম মূল্যের সিমেন্ট বালিসহ নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কোনো ব্যক্তি কাজের সিডিউল দেখতে চাইলে তাদেরকে হুমকি-ধমকি দেয়া হয় বলে জানান স্থানীয়রা। স্বাস্থ্য প্রকৌশলী রফিকুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার জন্য বারবার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ ব্যাপারে সিভিল সার্জন ডাঃ আঃ হালিম জানান, কাজ সঠিক না হলে আমি প্রত্যয়ন প্রদান করব না। আমরা এ কাজের কিছুই বুঝি না। স্বাস্থ্য প্রকৌশলীকে সাথে নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।