স্পারসো বোর্ডে থাকছেন দুইজন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা

 
মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) পরিচালনা পর্ষদে দুজন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা রাখার বিধান রেখে সংশ্লিষ্ট আইন সংশোধনের প্রস্তাব সংসদের অনুমোদন পেয়েছে।
 
বৃহস্পতিবার মহাকাশ বিষয়ক বিজ্ঞান, প্রযুক্তি ও প্রয়োগের অনুশীলন এবং চর্চা আরো বেগবান ও সমৃদ্ধি করতে প্রয়োজনীয় সংশোধনী মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (সংশোধন) বিল-২০১৬ পাস করা হয়েছে। সংসদ কার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বিলটি পাসের প্রস্তাব করেন।
 
বর্তমান আইনে স্পারসোর পরিচালনা পর্ষদে একজন সার্বক্ষণিক চেয়ারম্যান ও তিন জন সার্বক্ষণিক সদস্য রয়েছেন। সংশোধিত বিলে চার জন সার্বক্ষণিক সদস্য রাখার বিধান রাখা হয়েছে। সার্বক্ষণিক সদস্যগণের মধ্য থেকে দুইজন প্রতিষ্ঠান কর্মরত প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাদের মধ্য থেকে জ্যেষ্ঠতা এবং যোগ্যতার ভিত্তিতে নিযুক্ত হবেন।
 
জাতীয় পার্টির ফখরুল ইমাম, সেলিম উদ্দিন, মো. নূরুল ইসলাম ওমর ,নুরুল ইসলাম মিলন, নূর-ই-হাসনা লিলি চৌধুরী, রওশন আরা মান্নান, স্বতন্ত্র সদস্য আব্দুল মতিন ও রুস্তম আলী ফরাজী বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। -বাসস।