রানা প্লাজা ধস:

জামিন পাননি ইথার টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক

 
সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আসামি ইথার টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক জান্নাতুল ফেরদৌসকে জামিন দেয়নি হাইকোর্ট। তবে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয়।
 
বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমীর হোসেনের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়।
 
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসের ঘটনা ঘটে। এতে ১২শ শ্রমিক প্রাণ হারায়, পঙ্গুত্ব বরণ করে আরো কয়েক হাজার। ঐ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গত বছরের পহেলা জুন ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে ‍পুলিশ। গত ১৫ মে জান্নাতুল ফেরদৌস নিম্ন আদালতে হাজির হয়ে জামিন চান। কিন্তু আদালত তার জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠায়। এরপর তিনি হাইকোর্ট জামিন চেয়ে আবেদন করেন।
 
জামিন আবেদনের পক্ষে নুরুল ইসলাম সুজন এমপি ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটার্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট উপরিউক্ত আদেশ দেয়।