রাজধানীর মগবাজারে সিদ্ধেশ্বরীর স্কুল মাঠে রাখা নির্মাণাধীন মগবাজার-মৌচাক ফ্লাইওভারের সরঞ্জামের আঘাতে মো. সুমন (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
জানা যায়, সকালে নির্মাণাধীন ওই ফ্লাইওভারের সরঞ্জাম সরানোর সময় সুমন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টায় মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রয়েছে।