কুমিল্লায় আন্তঃজেলা প্রতারকচক্রের তিন সদস্য গ্রেফতার

কুমিল্লায় ব্যাংকের কাউন্টার থেকে অভিনব পন্থায় গ্রাহকের টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার আন্তঃজেলা প্রতারকচক্রের তিন সদস্যকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এরা হলেন, দেলোয়ার হোসেন (৫৬), নাসির সরদার (৫৫) ও ইউনুস আলী (৩৫)
 
এর আগে বুধবার পুলিশ জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারস্থ পূবালী ব্যাংক শাখার কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় তাদের আটক করে।
 
উল্লেখ্য, চলতি বছরের ১ ফেব্রুয়ারি পূবালী ব্যাংকের পদুয়ার বাজার শাখায় একজন গ্রাহক টাকা জমা দেয়ার জন্য আসেন। ক্যাশ কাউন্টারে টাকার ব্যাগ রেখে জমা রশিদ লেখার সময় পাশে থাকা প্রতারক চক্রের একজন ‘নিচে টাকা পড়ে আছে’ বলে তার দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় নিচ থেকে টাকা কুড়াতে গেলে প্রতারকরা তার টাকার ব্যাগ নিয়ে ব্যাংক থেকে দ্রুত পালিয়ে যায়। বিষয়টি ব্যাংকের সিসি টিভি ক্যামেরায় ধারণ হয় এবং পরে তা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
 
প্রতারক চক্রের ওই তিন সদস্য বুধবার একই উদ্দেশে পুনরায় ওই ব্যাংকে প্রবেশ করলে তারা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নজরে আসেন। এ সময় ব্যাংক ম্যানেজার সদর দক্ষিণ মডেল থানায় খবর দিলে পুলিশ এসে তাদের আটক করে। ১ ফেব্রুয়ারি সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজের সঙ্গে তাদের চেহারা মিলে যায়।