গানে গানে আনিসা

 ই ম রু ল  নূ র

 

তরুণ ও মেধাবী কণ্ঠশিল্পী আতিয়া আনিসা। ২০১৭ সালে চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতা থেকে বের হয়ে পরের বছরই কলকাতার জি বাংলা চ্যানেলের রিয়েলিটি শো ‘সারেগামাপা’র মঞ্চে সুযোগ পান। প্রায় ১৪ লাখ প্রতিযোগীকে পিছনে ফেলে জায়গা করে নিয়েছিলেন সেরা ৩০-এ। সম্প্রতি তিনি ব্যস্ত রয়েছেন প্লে-ব্যাক নিয়ে। হালের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরানের হাত ধরে শোবিজে আগমন ঘটে তার। পথচলার শুরুতেই পেয়েছেন এমন তারকার সান্নিধ্য যে পিছনে ফিরে তাকানোর প্রয়োজন পড়েনি। স্বপ্ন দেখতেন বড় হয়ে প্লে-ব্যাক করবেন। সেই সুযোগ অনায়াসেই পেয়ে গেলেন কণ্ঠশিল্পী ইমরানের হাত ধরে। এরইমধ্যে গেয়েছেন দুইটি ছবিতে। শাকিব খান অভিনীত ‘শাহেনশাহ’ সিনেমায় বেশ কিছুদিন আগে কণ্ঠ দিলেন আনিসা। ‘ভালোবাসার ফুল’ শিরোনামে এই গানের কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ আর সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। আনিসার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমরানও। ছবিটির এই গানে পর্দায় ঠোঁট মেলাবেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান ও রোদেলা জান্নাত। এছাড়াও মোহাম্মদ মুস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ সিনেমাতেও গেয়েছেন এই গায়িকা। ইমরানের সঙ্গে গাওয়া তার ‘চুপকথা’ গানটি গেল ৭ মার্চ প্রকাশিত হয়। আর ছবিটি মুক্তি পায় গত ৮ মার্চ। ছবিতে তাদের গানে পর্দায় ঠোঁট মেলাতে দেখা গিয়েছে গায়ক ও অভিনেতা তাহসান এবং ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। প্লে-ব্যাক করা নিয়ে বেশ উচ্ছ্বসিত আনিসা। শোবিজের পথচলায় আনিসার গাওয়া প্রথম গান ‘চুপকথা’ যেটি গেয়েছিলেন প্রায় একবছর আগে। প্লে-ব্যাকে গান করা প্রসঙ্গে আনিসা বলেন, ‘আমার স্বপ্ন ছিল প্লে-ব্যাক করব। সে স্বপ্ন পূরণ হলো। এটা সত্যি আমার জন্য অনেক আনন্দের। আমি আগামীতে আরও ভালো গান করতে চাই আর সবচেয়ে বেশি প্লে-ব্যাক করতে চাই।’