বৃহস্পতিবার রাতে মাঠে নামছে জার্মানি ও পোল্যান্ড

দুই দলই জিতেছে প্রথম ম্যাচ। জার্মানি-পোল্যান্ড দুই দলের সামনেই ইউরো কাপের নকআউট পর্বে ওঠার হাতছানি। এমন সমীকরণ সামনে রেখে সেইন্ট ডেনিসে  বৃহস্পতিবার রাতে মুখোমুখি হচ্ছে প্রতিবেশী দুই দল।
 
রেকর্ড আর দলীয় শক্তি জার্মানিকেই এগিয়ে রাখে সেই দৌড়ে। দুই দলের ২০ ম্যাচের ১৩টিতেই জিতেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। জয় পেয়েছে সর্বশেষ ইউরো বাছাইপর্বের ম্যাচে, ইউরোর মূল পর্বে মুখোমুখি হওয়া একমাত্র ম্যাচেও। উল্টো দিকে পোল্যান্ডের জয় শুধু একটি, ২০১৪ সালের অক্টোবরে।
 
পোল্যান্ড অবশ্য এই সবকিছুর উত্তর দেবে দুটি শব্দে ‘রবার্ট লেভানডফস্কি!’ ইউরোর বাছাইপর্বে সবচেয়ে বেশি গোল পোলিশদের (৩৩), তাতে ১৩ গোল ‘লেভা’র। তবে পোলিশ স্ট্রাইকারের বায়ার্ন মিউনিখ সতীর্থ জেরোম বোয়াটেং পুরো পোল্যান্ড দল নিয়েই সতর্ক, ‘আমাদের সতর্ক থাকতে হবে। লেভানডফস্কি ছাড়াও তাদের আরও ভালো অনেক ফরোয়ার্ড আছে। পোল্যান্ড অনেক শক্ত প্রতিপক্ষ। তবে নিজেদের খেলা খেলতে পারলে আমার বিশ্বাস, আমরাই জিতব।’
 
জার্মানিকে ফেবারিট মানছেন লেভাও। তবে তাতে জয়ের স্বপ্নে লাগাম তিনি পরাচ্ছেন না, ‘আমার মতে, জার্মানি টুর্নামেন্টেরই ফেভারিট। আমরা জানি ওরা কতটা শক্তিশালী। তবে যেকোনো কিছুই ঘটতে পারে।’