নওগাঁর রাণীনগরে সড়ক দুর্ঘটনায় মো. হামিদুল ইসলাম (৪৫) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে রাণীনগর-আবাদপুকুর সড়কের ছয়বাড়িয়া ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হামিদুল ইসলাম উপজেলার ভাণ্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার করজগ্রামের দাসের আলী মল্লিকের ছেলে।
জানা গেছে, উপজেলা সদরে অফিসিয়াল কাজ শেষে মোটরসাইকেলে নিজ বাড়ি করজগ্রামে ফিরছিলেন হামিদুল। রাণীনগর-আবাদপুকুর সড়কের ছয়বাড়িয়া ব্রিজ নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তিনি গুরুত্বর আহত হন। এ সময় এক অটোভ্যান চালক তাকে অজ্ঞান অবস্থায় রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাণীনগর থানার এসআই মামুনুর রশিদ মামুন জানান, লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।