এমপিদের জন্যও বোনাস দাবি সংসদে

 
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মত সংসদ সদস্যদেরও ঈদ বোনাস দিতে সংসদে দাবি জানালেন গাইবান্ধা-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার। বৃহস্পতিবার সংসদে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এই দাবি জানিয়ে তিনি বলেন, ‘সবাই ঈদ বোনাস পান, আমরা কেন বোনাস পাই না, তাই আমরাও সবাই বোনাস চাই।’ এ সময় উপস্থিত অন্য সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তার দাবিকে সমর্থন দেন।
 
ইউনুস আলী সরকার বলেন, ‘সরকারি পিয়ন থেকে শুরু করে সচিব পর্যন্ত সবাই ঈদ বোনাস পান। বৈশাখেও তাদের বোনাস দেয়া হয়। আমাদেরও বোনাসের ব্যবস্থা করা হোক।’ প্রত্যেক সংসদ সদস্যের জন্য একশ কোটি টাকা বরাদ্দের দাবি জানিয়ে তিনি বলেন, আগে যে ২০ কোটি টাকা থোক বরাদ্দ দেয়া হয়েছিল, তা দিয়ে সংসদ সদস্যরা এলাকার উন্নয়ন করেছেন। এখানে একটি পয়সাও এমপিদের পকেটে যায়নি বলে আমি বিশ্বাস করি। তাই ১০০ কোটি টাকা বরাদ্দ দিলে উন্নয়ন আরও তরান্বিত হবে।
 

সংসদ সদস্যদের বিরুদ্ধে টিআর কাবিখার টাকা চুরির অভিযোগকে অসত্য দাবি করে ইউনুস বলেন, ‘কথায় কথায় বলা হয় এমপিরা টিআর খায়, কথাটা সত্য না। আমি একজন সংসদ সদস্য হিসেবে এখনও ১২০ টাকার লুঙ্গি পরি। আমার সঙ্গে সব সংসদ সদস্যই একমত হবেন-এমপিরা টিআর খায় না। আমরা সবাই এলাকার উন্নয়ন করি।’