এবার অক্ষয়ের নায়িকা

 রে জা উ ল  ক রি ম  খো ক ন

 

বলিউডে সব নায়িকার শুরুটা তেমন ভালোভাবে হয় না। লাগাতার ফ্লপের ধাক্কায় নায়িকাদের রানিং ট্র্যাক থেকে ছিটকে পড়ার দশাও হয়েছে পরবর্তীতে শীর্ষ অবস্থান দখলকারী অনেক অভিনেত্রীর। পরিণীতির শুরুটা কিন্তু বেশ ভালোভাবেই হয়েছিল। হ্যাঁ, আমরা পরিণীতি চোপড়ার কথাই বলছি। প্রিয়াংকা চোপড়ার কাজিন সিস্টার হিসেবে তার আলাদা পরিচিতি ছিল। পড়াশোনা করেছেন ইংল্যান্ডের ম্যানচেস্টার বিজনেস স্কুলে। ইনভেস্টমেন্ট ব্যাংকার হওয়ার মানসে ব্যবসা প্রশাসন, অর্থনীতি ও ফিন্যান্স তিন বিষয়ে ট্রিপল অনার্স ডিগ্রি নিয়েছিলেন। ২০০৯ সালে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা শুরু হলে ইংল্যান্ডের পাট চুকিয়ে সোজা নিজের দেশে ভারতে ফিরে আসেন। এখানে ফিরে মুম্বাইয়ে চাকরি খুঁজতে থাকেন। এক পর্যায়ে বলিউডের বিখ্যাত প্রযোজনা সংস্থা ইয়াশরাজ ফিল্মসে নির্বাহী হিসেবে কাজ শুরু করেন। গ্ল্যামার ভুবনে বিচরণ করলেও পরিণীতির কাজ ছিল অফিস সামলানো। একসময় তাকে দেখে অনেকেই আগ্রহী হয়ে ওঠেন, সিনেমার নায়িকা হওয়ার প্রস্তাব আসতে শুরু করে পরিণীতির কাছে। যেখানে কাজ করতেন একজন নির্বাহী হিসেবে সেই বিখ্যাত চলচ্চিত্র নির্মাণ সংস্থা ইয়াশরাজ ফিল্মসের ‘লেডিস ভার্সেস রিকি বহেল’ ছবিতে তিন নায়িকার একজন হিসেবে সুযোগ পেয়ে যান ক্যামেরার সামনে দাঁড়ানোর। প্রথম অভিনীত সিনেমাতেই সবার নজর কাড়েন পরিণীতি। সম্ভাবনাময় নতুন মুখ হিসেবে এবং সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে কয়েকটি প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েও যান তিনি। ইয়াশরাজ ফিল্মস তাকে তিনটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করেছিল। সে মোতাবেক ‘ইশকজাদে’, ‘শুদ্ধ দেশি রোমান্স’ ছবিতে অভিনয় করেন। এরপর তাকে দেখা যায় ‘হাসি তো ফাসি’ ছবিতে। ‘দাওয়াত এ ইশক’ ও ‘কিল দিল’ ছবিতেও তার অভিনয় বেশ প্রশংসিত হয়। ‘টিপ্যুম’ ছবিতে একটি আইটেম সঙ করেও চমক সৃষ্টি করেন। ‘মেরি পেয়ারি বিন্দু’, ‘গোলমান এগেইন’, ‘নমস্তে ইংল্যান্ড’ ছবিতেও নায়িকা চরিত্রে রূপদান করেছেন পরিণীতি। শুরু দিকে একজন সম্ভাবনাময় আগুয়ান অভিনেত্রী হিসেবে তাকে যেভাবে এগোতে দেখা যায় এরপর সাম্প্রতিক গত কয়েক বছরে তার পথ চলায় কেমন যেন ভাটার ভাব লক্ষ করা যায়। যদিও তার অভিনীতি ‘গোলমাল অ্যাগেইন’ বক্স অফিসে খুব ভালো ব্যবসা করেছে তারপরও যেন আলোচনার কেন্দ্রবিন্দু থেকে অনেকটা দূরে তার বর্তমান অবস্থান। গ্ল্যামারাস হওয়ার পাশাপাশি একজন উচ্চশিক্ষিত মেধাবী অভিনেত্রী ও গায়িকা হিসেবে বলিউডে তার যে খ্যাতি-পরিচিতি ছড়িয়েছিল তা ক্রমেই যেন ম্লান হয়ে এসেছে। নাহ পরিণীতি চোপড়া বলিউড থকে হারিয়ে কিংবা নিঃশেষ হয়ে যাননি। এর মাঝে বেশ কিছু নতুন সিনেমায় অভিনয়ও করেছেন। যার মধ্যে একটি উল্লেখযোগ্য সিনেমা ‘কেসারি’ মুক্তি পাচ্ছে এ সপ্তাহে। যেখানে তাকে প্রথমবারের মতো সিনিয়র একজন সুপারস্টার অভিনেতা অক্ষয় কুমারের বিপরীতে দেখা যাবে। ব্রিটিশ শাসনামলের পটভূমিকায় ১৮৯৭ সালে সংঘটিত উত্তরপশ্চিম সীমান্ত প্রদেশ এলাকার একটি দুর্গ রক্ষায় মিখ রেজিমেন্টের একজন দুর্ধর্ষ দুঃসাহসী সৈনিক হাবিলদার ইশার সিংয়ের বীরত্বপূর্ণ যুদ্ধের গল্প নিয়ে নির্মিত বায়োপিক ধাঁচের ছবিটিতে ছোট্ট একটি রোলে পরিণীতি চোপড়াকে দেখা যাবে। ‘ইশার সিং’ রূপী অক্ষয় কুমারের স্ত্রীর ভূমিকায় সাদামাটা একজন তরুণী গৃহবধূ হিসেবে পর্দায় আসছেন ৩০ বছর বয়সী এই তরুণী অভিনেত্রী। পর্দায় তাকে খুব বেশি সময়ের জন্য দেখা যাবে না যদিও কিন্তু তারপরও পরিণীতি ‘কেসারি’ ছবিতে অভিনয় করতে পেরে দারুণ খুশি। ছবিটিতে অভিনয়ের প্রস্তাব পেতেই সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান তিনি। এ ছবিতে অভিনয় জন্য দর্শক আমাকে অনেক দিন ধরে মনে রাখবে, এটাই আমার বড় প্রাপ্তি,’ বলেন পরিণীতি। এ বছর আরও বেশ কয়েকটি ছবিতে তাকে দেখা যাবে।