পোল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে জার্মানি। ফলে শেষ ষোলোর জন্য জার্মানির অপেক্ষা বাড়ল। বৃহস্পতিবার ফ্রান্সে অনুষ্ঠিত ইউরো-২০১৬ 'র 'সি' গ্রুপে পোল্যান্ডের ডিফেন্সের কাছে হার মানে জার্মানির গতিময় ফুটবল।
অথচ জার্মানির শুরুটা হতে পারতো দুর্দান্ত; ম্যাচের চতুর্থ মিনিটেই দলকে এগিয়ে দেয়ার সুযোগ পেয়েছিলেন মারিও গোটসে। কিন্তু জুলিয়ান ড্রাক্সলারের ক্রস তার মাথা ছুঁইয়ে ক্রসবারের উপর দিয়ে চলে যায়।
এরপর ১৬ মিনিটে টমাস মুলারের বাড়ানো বলে যেখানে পা ছোঁয়ালেই গোল হয়, সেটি করতে ব্যর্থ হন টনি ক্রুস।
দ্বিতীয়ার্ধে এসে অবশ্য ঘুরে দাঁড়ায় পোল্যান্ড। প্রথম মিনিটেই ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটা হাতছাড়া করে তারা। কামিল গ্রোসিচকির গোলমুখে বাড়ানো দারুণ এক ক্রস ফাঁকায় পেয়েও মাথা ছোঁয়াতে ব্যর্থ হন ফরোয়ার্ড মিলিক।
বাকি সময়ে দুদল একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হয়। ফলে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল। এ ড্রয়ে দুদলের পয়েন্ট দাঁড়াল সমান ৪।
ম্যাচে ৬৯ শতাংশ বলের দখল রাখে জোয়াকিম লোর শিষ্যরা। কিন্তু অ্যাডাম নোয়ালকার শিষ্যদের রক্ষণে গিয়ে বারবার আটকে গেছে জার্মানি।