শাহাদুল ইসলাম সাজু
জয়পুরহাট প্রতিনিধি
শিশু একাডেমির ক্ষুদে শিল্পীদের সমবেত কণ্ঠে ’আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপরী’ সঙ্গীতের সঙ্গে নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে রবিবার সন্ধ্যায় শুরু হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠান।
শহীদ ডা. আবুল কাশেম ময়দানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু একাডেমি, শিল্পকলা একাডেমিসহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের শিশুরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই শিশু নিরবের কণ্ঠে বঙ্গবন্ধুর ৭ মার্চের সেই ঐতিহাসিক ভাষণ দর্শকদের মুগ্ধ করে। আমাদের দেশটা স্বপ্নপুরী গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে শিশু একাডেমির শিশুশিল্পীরা। হিন্দোল সঙ্গীত একাডেমি পরিবেশন করে বঙ্গবন্ধুর জন্মদিন, শিল্পকলা একাডেমির শিল্পীরা পরিবেশন করে আমরা সবাই রাজা ও যতদিন রবে পদ্মা, মেঘনা। এরপর শিশুদের জন্য আয়োজিত রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন।
জেলা তথ্য অফিসের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবনী ও মহান মুক্তিযুদ্ধভিত্তিক পুস্তক, আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনের আয়োজন করা হয়। সরকারি শিশু পরিবারে বঙ্গবন্ধুর জন্মদিন পালন উপলক্ষে কেক কাটা, বেলুন ওড়ানো ও উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।