র‍্যাব, পুলিশ দিয়ে জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবিলা করা যাবে না: মওদুদ

 
 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ‘দেশে জঙ্গিবাদের উত্থানে আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করছে তা অবিশ্বাস করার উপায় নাই। র‍্যাব, পুলিশ দিয়ে এই জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবিলা করা যাবে না।’
 
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপি সমর্থক পেশাজীবীদের সংগঠনের মোর্চা সম্মিলিত পেশাজীবী পরিষদ ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে ‘সংবাদমাধ্যমের স্বাধীনতা ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে।
 
মওদুদ বলেন, এ জন্য অবাধ নির্বাচনের মাধ্যমে সত্যিকার অর্থে গণতান্ত্রিক, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং সব পর্যায়ে জনগণের অংশীদারত্ব নিশ্চিত করতে হবে। তাহলেই জঙ্গিবাদ, উগ্রবাদ দমন করা যাবে। এ জন্য জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন। দেশের ক্রান্তিকালে সরকার যদি এই উদ্যোগ নেয় এবং বিএনপিকে ডাকে তাহলে বিএনপি সরকারের ডাকে সাড়া দেবে।