ইব্রার সুইডেনের সামনে ইতালি

ইউরো চ্যাম্পিয়নশিপে ফেভারিট ইতালির মুখোমুখি হচ্ছে জ্লাতান ইব্রাহিমোভিচের সুইডেন। শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে দুই দল।
গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিধর বেলজিয়ামকে পরিষ্কার ২-০ গোলে পরাস্ত করে বেশ আত্মবিশ্বাসী ইতালিয়ানরা।
 
অন্যদিকে আয়ারল্যান্ড রিপাবলিকের সঙ্গে হারতে হারতে আত্মঘাতী গোলে ড্র করে কোনোমতে পার পেলেও এবার ইতালির মুখোমুখি হতে হচ্ছে তাদের।
 
ইতালিয়ান ক্লাব লাৎসিও'র উইংগার আন্তোনিও কান্দ্রেভা বলেন, ইব্রাহিমোভিচ এমন একজন খেলোয়াড় যিনি একাই একটা ম্যাচের চিত্র বদলে দিতে পারেন। তবে আমরা আমাদের খেলায় মনোযোগ দিতে চাইবো। এবং মাঠে তাদের (সুইডেন) শক্তিটা খর্ব করার চেষ্টা থাকবে।
 
সুইডেনের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে অবশ্য অনেক এগিয়ে রয়েছে আজ্জুরিরা। ২২ ম্যাচের ভেতর ১০টিই জিতেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা অন্যদিকে সুইডেন জিতেছে ৬টিতে।