ম্যাচ রেফারিরও শাস্তি চান লিপু

আবাহনী-প্রাইম দোলেশ্বর ম্যাচের ৬ দিন পেরিয়ে যাবার পরও তামিমের বিরুদ্ধে কোন রকম ডিসিপ্লিনারি অ্যাকশন হয়নি। তবে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন জাতীয় দলের এ ওপেনার।
 
এ প্রসঙ্গে সাবেক অধিনায়ক গাজী আশরাফ লিপু বলেন, আইসিসির কোড অব কন্ডাক্টে শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে পরিষ্কার জিরো টলারেন্সের কথা বলা আছে। এরপরও কোন অ্যাকশন নেওয়া হল না কেন?
 
তিনি আরো বলেন, সেটা কে করেছে, তার তারকা খ্যাতি কতটা, তিনি কোন দলের এসব বিচার করার কোনই সুযোগ বা অবকাশ নেই। মাঠে শৃঙ্খলা ভঙ্গ করলে আইসিসির কোড অব কন্ডাক্ট অনুযায়ী তাকে শাস্তি পেতেই হবে। ’
 
এ নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় তামিমের সেদিনের আচরণ আইসিসির কোড অব কন্ডাক্টের পরিপন্থী, যা শৃঙ্খলা ভঙ্গের সামিল। আর ম্যাচ রেফারির উচিৎ ছিল, সেদিনই খেলা শেষে আম্পায়ার ও তামিমকে ডেকে শুনানির পর একটা ডিসিপ্লিনারি শাস্তি দিয়ে ফেলা। সেটা ম্যাচ সাসপেন্ড না , অর্থদণ্ড। 
 
তিনি আরও বলেন,এখানে রেফারির মনগড়া কিছু করার সুযোগ নেই। ঢাকা লিগও আইসিসির কোড অব কন্ডাক্ট অনুযায়ীই হয়। কোন অপরাধের কি শাস্তি , কোন আচরন করলে কি ডিসিপ্লিনারি অ্যাকশন হবে সব আইসিসির কোড অব কন্ডাক্টে পরিষ্কার করা আছে। সংশ্লিষ্ট ম্যাচ রেফারির কাজ হলো আচরনটা আইসিসি কোড অব কন্ডক্টের কোন ধারার কত অনুচ্ছেদ অনুযায়ী হয়েছে , তা নিরুপন করে শাস্তি দেয়া।
 
গাজী আশরাফ হোসেন লিপু তামিম ইকবালের পাশাপাশি ঐ ম্যাচের ম্যাচ রেফারি মন্টু দত্তের বিরুদ্বেও শাস্তি নেয়ার দাবি জানিয়েছেন।
 
তিনি খেলা শেষে আম্পায়ার ও তামিম দু`পক্ষকে ডেকে শুনানির পর আইসিসির কোড অব কন্ডক্ট অনুযায়ী একটা ডিসিপ্লিনারি অ্যাকশন দিয়ে দিলেই সমস্যা সমাধান হয়ে যেত। কিন্তু আমি বিস্মিত তিনি তার কিছুই করেননি।’