ফরিদপুর পৌরসভার ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বিল্লাল হোসেন মৃধাকে সন্ত্রাসীরা কুপিয়ে আহত করেছে। তিনি বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার শহরের লক্ষ্মীপুর রেল ষ্টেশন সংলগ্ন রেলের কোয়ার্টার পাশ্ববর্তী বস্তির মধ্যে মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় রাত ১০টার দিকে স্টেশন বাজারস্থ গৌরের দোকানের সামনে একদল সন্ত্রাসী আচমকা বিল্লাল মৃধার উপর আক্রমন করে।
এ সময় তারা দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুত্বর আহত করে। স্থানীয় জনতা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে বিল্লালকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পরই রাতে স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ রাতেই বিক্ষোভ মিছিল করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানায়।
এ বিষয়ে স্থানীয় ওর্য়াডের কাউন্সিলার নাফিজুল হাসান তাপস শেখ জানান, রেল স্টেশন এলাকায় একটি গোষ্টি দীর্ঘদিন ধরে মাদকব্যবসাসহ অনৈতিক কার্যক্রম করে আসছিল। ইতিপূর্বে আমরাও কয়েকবার এতে বাধা দিয়েছি। বৃহস্পতিবার রাতে স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বিল্লাল মৃধার উপরে এই হামলা হয়েছে।
ফরিদপুর সদর মডেল থানার ওসি মো. নাজিমউদ্দিন সাংবাদিকদের জানান, শুক্রবার দুপুরে থানায় এই বিষয়ে আহতের পরিবার একটি লিখিত অভিযোগ দিয়েছে। আমরা বিষয়টির তদন্ত করে ব্যবস্থা নেব।