ফেনীতে সড়ক দুর্ঘটনায় সিএনজি যাত্রী নিহত ও চালক গুরুতর আহত

ফেনীতে কাভার্ডভ্যানের চাপায় এক সিএনজি অটোরিক্সা যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিক্সা চালক গুরুত্বর আহত হয়েছে। শুক্রবার দুপুরে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাঁচগাছিয়ার তেমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যদর্শী সূত্র জানায়, শুক্রবার দুপুরে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাঁচগাছিয়ার তেমুহনী এলাকায় নোয়াখালী থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারপর সেটি গিয়ে গাছের সাথে ধাক্কা লাগায়। এসময় কাভার্ডভ্যানটি ছিটকে পেছনে থাকা চলন্ত সিএনজি অটোরিক্সার উপরে আছড়ে পড়ে।  সিএনজি অটোরিক্সাটি ধুমড়ে মুচড়ে যায়। এতে অটোরিক্সা যাত্রী ফারুক আহম্মেদ ঘটনাস্থলে নিহত হয় ও চালক গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহত চালককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করে। নিহত ফারুক আহম্মদ (৩৫) ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের কাশিমপুর গ্রামের ফরায়েজী বাড়ির মকসুদুর রহমানের ছেলে। আহত চালকের পরিচয় জানা যায়নি।
ফেনী মহিপাল হাইওয়ে পুলিশ থানার উপ-পরিদর্শক কেশব চন্দ্র চৌধুরী জানান, খবর পেয়ে মহিপাল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থ অটোরিক্সা ও কাভার্ডভ্যানটি উদ্ধার করে। এঘটনায় ফেনী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।