দেয়ালে ঝোলানো ছবি দেখলে বোঝাই যায় ক্যানভাসে শিশুর মনের প্রতিফলন। রঙিন কল্পনায় বর্ণিল ক্যানভাস কিন্তু অবাক করবে সেসব ছবি আঁকার মুন্সিয়ানা দেখে। কেউ এঁকেছে বিলে কিশোরীদের শাপলা তোলা, কেউ এঁকেছে ষাঁড়ের লড়াই, কেউ নৌকাবাইচ, কেউ আবার পালতোলা নাও। কিন্তু এইসব আঁকিয়েদের বয়স শুনলে চমক জাগবে। এদের কারো কারো বয়স চার বা পাঁচ বছর, ১৩ বছরের বেশি কেউ নেই। এই খুদে শিল্পীদের ছবি তাই দর্শকদের আনন্দ দেবে সন্দেহ নেই। এই শিশুশিল্পীদের চিত্রকর্ম নিয়ে গতকাল শুক্রবার শুরু হয়েছে সপ্তাহব্যাপী চিত্রপ্রদর্শনী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি-২ এ কাশফুল আর্ট স্কুলের আয়োজনে ‘আমরা সবাই রাজা’ শীর্ষক বার্ষিক শিশু চিত্রকলা প্রদর্শনী শুরু হয়েছে। স্কুলের ৩৪ জন শিশু চিত্রশিল্পীর ৪৫ টি চিত্রকর্ম নিয়ে এ প্রদর্শনী। নাগরিক শিশুদের অঙ্কনে উঠে এসেছে আবহমান বাংলা। শহরে বড় হওয়া এই শিশুরা শহুরে জীবন না এঁকে ক্যানভাসে রঙ ছড়ানোর জন্য প্রধানত গ্রামীণ জীবনকেই বেছে নিয়েছে। মাথায় ঝাঁকা নিয়ে গ্রামের হাটে যাওয়া, বিলে শাপলা তোলা, ষাঁড়ের লড়াই, পাল তোলা নৌকা, নৌকাবাইচ, ঢেঁকিতে ধান ভানা, মাঠে গরু নিয়ে রাখাল, গাছের ডালে পাখির ঝাঁক, পালকি, গরুর গাড়িসহ গ্রামীণ জীবনের নানা অনুষঙ্গ উঠে এসেছে এসব চিত্রকর্মে।
২০১২ সালে রাজধানীর মনিপুরীপাড়ায় যাত্রা শুরু করে কাশফুল আর্ট স্কুল। প্রতি বছরই শিশুদের চিত্রকর্ম নিয়ে এ স্কুল ছোট পরিসরে প্রদর্শনীর আয়োজন করে। এবারই বড় পরিসরে জয়নুল গ্যালারিতে প্রদর্শনী হচ্ছে। শুক্রবার সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী কাজী মোজাম্মেল হোসেন। গ্যালারির সামনের চত্বরে উদ্বোধনী পর্বে ছিল সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রশিল্পী কাজী মোজাম্মেল হোসেন শিশুদেরকে স্বাধীনভাবে আঁকতে দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শিশুদেরকে স্বাধীনভাবে আঁকতে দিন। শিশুরা আঁকবে শিশুর মতো ভাবনা থেকে। তাদেরকে আঁকার বিষয়ে উপদেশ দিয়ে তাদের উপর বড়দের চিন্তা চাপিয়ে দিবেন না।’ কাশফুল আর্ট স্কুলের পরিচালক নিপা গমেজ বলেন, শিশুর সৃজনশীলতার সর্বোত্তম প্রকাশ ঘটে ছবি আঁকার মধ্য দিয়ে। ছবি একটি আন্তর্জাতিক ভাষা। শিশুদের এসব আঁকা সুন্দর মনের মানুষ গঠনে সহায়ক। সপ্তাহব্যাপী এ প্রদর্শনী শেষ হবে ২২ জুন। সেদিন সমাপনী আয়োজনে থাকবে শিশুশিল্পীদের মধ্যে পুরস্কার বিতরণ। চিত্রশিল্পী অধ্যাপক সমরজিত্ রায় চৌধুরী ২২ জুন সকাল ১১ টায় সমাপনী অনুষ্ঠানে শিশু শিল্পীদের হাতে পুরস্কার তুলে দিবেন। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এ প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত।