ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল কাদের (৬০) ছয় নম্বর মানকোন ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা।
শনিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এলাকাবাসী জানায়, শুক্রবার রাত ১০টার দিকে আব্দুল কাদের উপজেলার শিবপুর এলাকায় ময়মনসিংহ-জামালপুর মহাসড়ক পার হচ্ছিলেন । এ সময় গাড়ির ধাক্কায় তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুর করিম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।