তুরস্ককে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেরা ষোলো নিশ্চিত করার পর ইনিয়েস্তা বলেন, আমি খেলোয়াড়দের ১০-এর মধ্যে ১০-ই দিব।
কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা স্পেন দল সম্পর্কে তিনি বলেন, টুর্নামেন্ট যত এগিয়ে যাবে, আমাদেরও এগিয়ে যেতে হবে এবং ভুলগুলো কমিয়ে আনতে হবে; যেটা আমরা আজকে (তুরস্কের বিপক্ষে ম্যাচে) করেছি।
ফ্রান্সের নিসে গত শুক্রবার রাতে তুরস্ককে ৩-০ গোলে হারিয়ে ইউরোর হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে আরেক ধাপ এগিয়েছে স্পেন। ম্যাচ শেষে সতীর্থদের খেলা নিয়ে উচ্ছ্বাসের কথা জানান বার্সেলোনার মিডফিল্ডার ইনিয়েস্তা। তিনি বলেন, আমরা কঠিন প্রতিপক্ষ পেয়েছিলাম কিন্তু বলের ওপর আমাদের অনেক নিয়ন্ত্রণ ছিল এবং আরো ভালো থেকে আরো ভালো করছিলাম। আমি খেলোয়াড়দের ১০-এর মধ্যে ১০-ই দিব; সমর্থকদেরও তাই দিব।
এদিকে গেল বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ার তিক্ত অভিজ্ঞতার কথা স্বরণ করে তিনি বলেন, খেলোয়াড়, সমর্থক, সবার জন্য বিশ্বকাপ ছিল হতাশার। আমরা কখনও ভাবিনি, এমন একটা টুর্নামেন্ট আমরা পাব। কিন্তু (ইউরোতে) গত দুই ম্যাচে আমরা ভালোভাবে সাড়া দিয়েছি এবং নিজেদের জয়ের মানসিকতা দেখিয়েছি। আমাদের ইতিবাচক অনুভূতি আছে এবং কত দূর যাব, সেটা আমাদের হাতে।' বিডি নিউজ।