খুলে দেয়া হয়েছে ৩ বেসরকারি মেডিকেল কলেজ

শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী নীতিমালা ভঙ্গের অভিযোগে বন্ধ করে দেয়া তিনটি মেডিকেল কলেজ খুলে দেয়া হয়েছে। শুক্রবার থেকেই আশুলিয়ার নাইটিংগেল মেডিকেল কলেজে আসতে শুরু করেছে শিক্ষার্থীরা।
 
নীতিমালা ভঙ্গের অভিযোগে গত ১২ জুন বন্ধ করে দেয়া হয় আশুলিয়ার নাইটিংগেল মেডিকেল কলেজ। সেদিন রাত থেকেই কলেজটির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন জামান চৌধুরীকে কলেজের ভেতর অবরুদ্ধ করে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু করতে আন্দোলনে নামে প্রতিষ্ঠানটির প্রায় তিনশতাধিক শিক্ষার্থী।
 
১৪ জুন ভোরে শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনকে দমাতে লাঠিচার্জ ও ফাঁকাগুলি ছুড়ে তাৎক্ষণিক ক্যাম্পাস থেকে সব শিক্ষার্থীদের বের করে দেয় পুলিশ।
 
শিক্ষার্থীদের অব্যাহত আন্দোলনের মুখে তাদের শিক্ষা জীবনের কথা বিবেচনা করে বৃহস্পতিবার বন্ধ তিনটি বেসরকারি মেডিকেল কলেজ ক্যাম্পাসগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।