প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে নিজেদের শীর্ষস্থান আরো মজবুত করলো লিজেন্ডস অব রূপগঞ্জ।
শনিবার বিকেএসপিতে সুপার লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচটিতে প্রাইম ব্যাংকের দেয়া ২২৩ রানের সহজ লক্ষ্য ৫ উইকেট হারিয়ে আর ১৯ বল হাতে রেখে টপকে যায় রূপগঞ্জ।
ম্যাচে রূপগঞ্জ জয় পায় তাদের টপঅর্ডারের কারণে। মোহাম্মদ মিঠুন (৫০), আসিফ আহমেদ (৫১) ও নাহিদুল ইসলামের অর্ধশতকে (৬৪) সহজেই ম্যাচ জিতে নেয় রূপগঞ্জ।
ওপেনার সৌম্য সরকার ৪৬ বলে ৪৭ রানের ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন। শুভাগত হোম দুটি উইকেট নেন। একটি করে উইকেট নিয়েছেন নাজমুল ইসলাম, মনির হোসেন, তাইবুর রহমান।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ২২২ রান তোলে প্রাইম ব্যাংক। মাঝারিমানের পুঁজি পেতে ব্যাট হাতে ভূমিকা রাখেন নুরুল হাসান সোহান। ৯৬ বলে ৭৫ রানের ইনিংস খেলে রান আউটের শিকার হন এ ডানহাতি ব্যাটসম্যান। তাইবুর রহমান ৩৫, শুভাগত হোম ৩২ ও উন্মুখ চাঁদ ৩০ রান করেন।