খুলনায় শিশু হাসমি হত্যা : ২ আসামির জবানবন্দি

খুলনায় শিশু হাসমি মিয়াকে (৯) হত্যার দায় স্বীকার করে দুই আসামি নূরুন্নবী (২৫) ও রসুল (১৯) আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
 
শনিবার বিকেলে তারা খুলনা মহানগর হাকিম মো. ফারুক ইকবালের আদালতে এ জবানবন্দি প্রদান করেন। এর আগে গত বৃহস্পতিবার একই আদালত দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত বুধবার শিশু হাসমি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নূরুন্নবী ও রসুল  আদালতে আত্মসমর্পণ করেন।
 
নগরীর আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম খান জানান, নগরীর দৌলতপুরের মো. জলিলের ছেলে নূরুন্নবী (২৫) ও আড়ংঘাটা থানার সরদারডাঙ্গা এলাকার সাগরের ছেলে রসুল (১৯) শিশু হাসমি মিয়া হত্যাকাণ্ডের সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন।
 
গত ৯ জুন নগরীর আড়ংঘাটা থানার সরদারডাঙ্গা এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় শিশু হাসমি মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ।  এ ঘটনায় শিশু হাসমি মিয়ার পিতা হাফিজুর রহমান বাদী হয়ে আড়ংঘাটা থানার হত্যা মামলা দায়ের করেন।
 
এর আগে শিশু হাসমির মা সোনিয়া বেগম নিজের দোষ স্বীকার করে  আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। জবানবন্দিতে সোনিয়া বেগম স্বীকার করেছেন নূরুন্নবী ও রসুলের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলায় শিশু হাসমি মিয়াকে হত্যা করা হয়। সোনিয়া বেগমের সামনে নূরুন্নবী ও রসুল ছুরি দিয়ে গলা কেটে শিশু হাসমিকে হত্যা করে বলে জবানবন্দিতে উল্লেখ করেছিলেন মা সোনিয়া।