সংঘর্ষ থামাতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জয়রামপুর এলাকায় দুইপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আজের উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।
 
শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, জয়রামপুর এলাকার নুরুজ্জামানের কারখানা নিয়ে বিরোধের জের ধরে দুইপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় স্থানীয় আজের উদ্দিন সংঘর্ষ ঠেকাতে গিয়ে দুইপক্ষের মাঝখানে পড়ে গুরুতর আহত হন। আজের উদ্দিনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
দৌলতপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, হার্ট অ্যাটাক না আঘাতে আজের উদ্দিনের মৃত্যু হয়েছে তা এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।