পল্লবীতে শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

 
রাজধানীর পল্লবীর এক বাসায় শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় আহত অবস্থায় ঐ গৃহকর্মীকে অ্যাপোলো হাসপাতালে নেয়ার পর রাত ১১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
 
পরে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। নিহতের নাম আন্না নাহার (১০)। তার বাড়ি রংপুরে। পল্লবী থানার ওসি দাদন ফকির জানান, মিরপুর ডিওএইচের আবাসিক এলাকার ল্যাফটেনেন্ট কর্নেল আনোয়ার হোসেনের কোয়ার্টারের চারতালার বারান্দা থেকে ঐ শিশু গৃহকর্মী শনিবার সন্ধ্যার দিকে নিচে পড়ে যায়। তবে গৃহকর্তা পুলিশকে জানিয়েছেন, আন্না চার তলার বারান্দা থেকে নিচে ছাপ দিয়েছে। আহত অবস্থায় তারাই তাকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যান। রাত ১১টার দিকে তার মৃত্যুর খবর শুনে পুলিশ হাসপাতাল থেকে মেয়েটির লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। তবে লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ একটি জিডি করেছে।