নবাবগঞ্জে নাশকতার অভিযোগে আটক ৩

দিনাজপুরের নবাবগঞ্জ এলাকা থেকে সরকারের বিরুদ্ধে নাশকতা মূলক কর্মকাণ্ড ঘটনোর পরিকল্পনা করার সময় র‌্যাব সন্দেহভাজন তিনজনকে আটক করেছে। পরে তাদেরকে নবাবগঞ্জ থানা পুলিশের নিকট সোপর্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। 
 
পুলিশ জানায়, গত শনিবার সন্ধ্যার দিকে ড. ওয়াজেদ মিয়া সেতুর পশ্চিম পাশে নবাবগঞ্জ থানাধীন রুহুল আমিনের ওষুধের দোকানের পেছনে সরকার বিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল তারা। এমন অভিযোগে ওইসময় রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার আলীপুর (মন্ডলবাড়ী) গ্রামের মোখলেছুর রহমানের ছেলে এ এন নাছির বাপ্পি (২৪), সন্তোষপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে মর্তুজা রহমান (৩৮) ও নবাবগঞ্জ উপজেলার বোয়ালমারী গ্রামের জনাব আলীর ছেলে রুহুল আমিনকে (৪০) আটক করা হয়। রাতে আটকদের থানায় সোপর্দ করা হয়।
 
আটককৃতদের ১৫১ ধারায় গত রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।