ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ১৫

 
রবিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস ও ট্রাকের সংঘর্ষে কামরুল মিয়া (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় কমপক্ষে ১৫ জন আহত হয়। ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার রাজামারিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরুল রাজামারিয়াকান্দি গ্রামের পারভেজ মিয়ার ছেলে।
 
খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর সিদ্দিক জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা মিতালী পরিবহনের একটি যাত্রী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৮৪০০) সিলেটে যাবার সময় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের রাজামারিয়াকান্দি এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের সংগে বাসটির সংঘর্ষ হয়।
 
এতে ট্রাকের পাশে দাঁড়িয়ে থাকা পথচারী কামরুলসহ কমপক্ষে ১৫জন আহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণের সময় পথিমধ্যে কামরুলের মৃত্যু হয়। আহতদের মধ্যে বাসের হেলপার গোলাপ মিয়ার অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানায়, বাসটিকে আটক করা হলেও চালক পলাতক রয়েছেন।